শেরপুরে ছাদ থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মো. সোলায়মান (১১) নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামের মৃত সাইবুদ্দিনের ছেলে। গত মঙ্গলবার জেলা শহরের খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
সোলায়মান শেরপুর শহরের খরমপুর এলাকার ব্যবসায়ী মো. মিন্টু মিয়ার বাসায় কাজ করত। মিন্টু মিয়া শহরের খরমপুর এলাকার আইডিয়াল স্কুল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। এই ঘটনায় গতকাল বুধবার নিহত সোলায়মানের মা দুলালী বেগম সদর থানায় বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন।
গৃহকর্তা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সবার অজান্তে সোলায়মান বাসায় থাকা বাইসাইকেল নিয়ে মিন্টু মিয়া যে ভবনে ভাড়া থাকেন, সেই ভবনের ছাদে চালাতে যায়। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
গৃহকর্তা মিন্টু বলেন, দুপুরে তিনি ও সোলায়মান একসঙ্গে ভাত খেয়েছেন। বিকেলে তাকে (সোলায়মান) নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু কোন সময়ে সে সাইকেল নিয়ে ছাদে চলে যায়, তা তিনি জানেন না।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনে সোলায়মানের মুখে ও চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তথাপি মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।