শেরপুরে ছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আমেতন বেগম (৪২) নামের এক নারীকে তাঁর ছেলে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে শহরের কামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আমেতনের ছেলে আমেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। আমেতন ওই গ্রামের আবদুর রশিদের স্ত্রী। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমেতনকে তাঁর ছেলে আমেজ উদ্দিন একটি জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে মঙ্গলবার রাতে আমেজ উদ্দিন তাঁর মাকে মারধর করেন। এরপর আমেতন পাশের শেখহাটি বাজারে এসে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানিয়ে কান্নাকাটি করে বাড়ি ফিরে যান। সকাল থেকে আমেতনের শোবার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে আমেজ উদ্দিন সবাইকে জানান, তাঁর মা মারা গেছেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেতনের লাশ উদ্ধার ও আমেজ উদ্দিনকে গ্রেপ্তার করে। সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আমেতনের স্বামী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আমেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে।