শেরপুরে জমজমাট ঈদের বাজার
শেরপুরে ঈদের কেনাবেচা জমে উঠেছে। জেলা শহরের সব মার্কেট আর বিপণিবিতানগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটায় ব্যস্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শহরের শহীদ বুলবুল সড়কে অবস্থিত তৈরি পোশাকের দোকান এবং নয়আনী বাজার এলাকায় অবস্থিত কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক ক্রেতা ঈদের কেনাকাটা করছেন। বিশেষ করে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতানগুলো নারী ক্রেতাদের দখলে থাকছে। তবে গতবারের চেয়ে সব জিনিসের দাম এবার তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের।এবারের ঈদবাজারে মহিলা ক্রেতারা কিনছেন ভারতীয় সিল্ক, জর্জেট, টিস্যু শাড়ি, দেশি জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। তরুণী ক্রেতারা কিনছেন কারিনা, ক্যাটরিনা, সনেট, ভালোবাসা ডট কম, ঝিলিক, পাগলুসহ ভারতীয় হিন্দি সিরিয়ালের বাহারি সব নামের থ্রি-পিস। শিশু ক্রেতাদের আগ্রহ দেখা গেছে ফতুয়ার প্রতি। পুরুষ ক্রেতারা কিনছেন জিনসের প্যান্ট, শার্ট ও পাজামা-পাঞ্জাবি।জননী বস্ত্রালয়ের মালিক দুলাল সাহা, পরিমল বস্ত্রালয়ের মালিক পরিমল সাহা ও চাকী বস্ত্রালয়ের মালিক মলয় চাকী বলেন, এবারের ঈদের বেচাকেনা খুব ভালো। বর্তমানে সাড়ে তিন হাজার থেকে ১০ হাজার টাকা মূল্যে নিমজড়ি ও সুতা-চুমকির টিস্যু শাড়ি, তিন হাজার থেকে ২০ হাজার টাকা মূল্যে সিল্ক ও জর্জেট শাড়ি, দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা এমনকি নয় হাজার টাকা মূল্যে থ্রি-পিস বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় টিস্যু, ঢাকাই জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। তবে এবারের ঈদবাজারে সব ধরনের কাপড়ের মূল্য আগের বছরের চেয়ে বেশি বলে তাঁরা স্বীকার করেন।এদিকে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার নিউমার্কেট মোড়ে নবনির্মিত মার্কেট শাহজামাল-মরিয়ম কমপ্লেক্সে স্থাপিত ১১টি ফ্যাশন হাউসের যাত্রা শুরু হওয়ায় শেরপুর শহরে এবার ঈদের পোশাক কেনার ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে। এ মার্কেটে অবস্থিত ধূপছায়া ফ্যাশন হাউসের মালিক মো. আশরাফুল আলম বলেন, বিপুলসংখ্যক উৎসাহী তরুণ এখান থেকে জিনসের ও গ্যাভার্ডিনের তৈরি প্যান্ট, শার্ট, টি-শার্ট, গেঞ্জি, ট্রাউজার এবং বিদেশে তৈরি বিভিন্ন ব্র্যান্ড আইটেমের পোশাক ক্রয় করছেন। এ মার্কেটে ৭০০ থেকে তিন হাজার টাকা মূল্যে প্যান্ট ও ৫০০ থেকে দুই হাজার টাকা মূল্যে শার্ট বিক্রি হচ্ছে।শেরপুর শহরের নয়আনী বাজারের একটি বস্ত্র বিপণিতে কেনাকাটায় ব্যস্ত বাগরাকসা মহল্লার গৃহবধূ সাবিনা নার্গিস বলেন, এবারের ঈদবাজারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া গেলেও দাম গত বছরের তুলনায় অনেক বেশি। বেশকিছু দোকানে অতিরিক্ত ভিড়ের কারণে কাপড়চোপড় পছন্দ করা যাচ্ছে না। সেই সঙ্গে দামাদামি করেও কেনা যাচ্ছে না।