শেরপুরে জামাইবরণ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ঐতিহ্যবাহী জামাইবরণ মেলা শুরু হয়েছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে কাল মঙ্গলবার পর্যন্ত। মেলার কেনাকাটায় প্রধান আকর্ষণ মৌসুমি ফল, দই-মিষ্টি, মসলাসামগ্রী, নানা জাতের মাছের দোকান।

উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা ও পোষী মৌজায় প্রায় এক শ একর জমির ওপর প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বোরবার থেকে এই মেলা শুরু হয়। প্রতিবছরের মতো এবারও মেলাকে ঘিরে ইতিমধ্যে দূরদূরান্ত থেকে মেয়ে ও জামাইয়েরা নাইওরে এসেছেন মেলার আশপাশ এলাকায় বাড়িগুলোতে।

মেলার আয়োজক মজনুর রহমান বলেন, কালুগাজী পীরের নামে এই মেলা। ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে এই মেলার প্রচলন রয়েছে। তাঁদের বংশের পূর্বপুরুষেরা এই মেলা প্রথম শুরু করেন। পর্যায়ক্রমে তাঁরা বংশধর হিসেবে পুরোনো ঐতিহ্য মেনে আসছেন।

উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ঐতিহ্যবাহী এই জামাইবরণ মেলা ঘিরে তাঁর ইউনিয়নের প্রতিটি ঘর মেয়ে ও জামাইসহ ভরে গেছে। এই মেলা ঘিরে তাঁর ইউনিয়নের প্রতিটি ঘর উৎসবে পরিণত হয়েছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, এই মেলার সড়কের পাশ দিয়ে চুড়ি-মালা-ফিতার পসরা সাজিয়ে তুলেছেন দোকানিরা। মেলার পাশে ফসলি খেতে বসেছে মৌসুমি ফল, মসলাসামগ্রী, নানা জাতের মাছ, কুটিরশিল্পসামগ্রী, কাঠের তৈরি আসবাবসহ বিভিন্ন ধরনের দোকান। এসব দোকানের পাশে শোভা পাচ্ছে জাদু প্রদর্শন ও মোটরসাইকেল খেলা। জাদু ও খেলা দেখার জন্য বিভিন্ন বয়সের দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

স্থানীয় কৃষক আয়েজ উদ্দিন বলেন, প্রতিবছর মেলার এই দিনগুলোর অপেক্ষায় থাকেন তাঁরা। আত্মীয়স্বজনে ভরে ওঠে গ্রামের প্রতিটি বাড়ি। রান্না চলছে নানা রকমের। মেলা উপলক্ষে বাড়িতে আসা জামাইদের নতুন পোশাক, জুতা, ছাতিসহ নগদ টাকা উপহার হিসেবে দেওয়ার প্রচলন রয়েছে।

এ মেলা প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান প্রথম আলোকে বলেন, মেলার দিনগুলোতে মেলা চত্বরে সার্বক্ষণিক বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।