শেরপুরে জামায়াত শিবিরের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার মহড়া দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের দলীয় সম্ভাব্য প্রার্থী শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানের সমর্থনে তাঁরা মোটরসাইকেলের মহড়া দেন।
বেলা তিনটায় শেরপুর পৌর শহর-সংলগ্ন হামছায়াপুর এলাকা থেকে মোটরসাইকেলের বহর বের হয়। মহড়াটি প্রথমে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে উপজেলার ছোনকা এবং সেখান থেকে শহরের ধুনট রোড হয়ে ধুনট উপজেলায় যায়। পরে ধুনটের মথুরাপুর বাজার হয়ে সীমাবাড়ি দিয়ে আবার শেরপুরে এসে শেষ হয়। মোটরসাইকেলের বহরকে দুটি পৌর শহরে ঢুকতে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে দলীয় নেতা-কর্মীরা জামায়াতের দলীয় প্রার্থীর সমর্থনে স্লোগান দেন।
মহড়া চলাকালে বিকেল সাড়ে চারটায় মথুরাপুর বাজারে এক পথসভায় দবিবুর রহমান, শেরপুর উপজেলা জামায়াতের আমির মানছুরুর রহমান ও ধুনট উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম বক্তব্য দেন।
দবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ এ মহড়ায় শেরপুর ও ধুনট থানার পুলিশ বাধা দিয়েছে। তাঁদের মোটরসাইকেলের বহরকে শেরপুর পৌর শহর ও ধুনট পৌর শহরের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। এই বাধা অগণতান্ত্রিক আচরণ বলে তিনি দাবি করেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এই মহড়ার কোনো অনুমতি ছিল না। এ জন্যই মহড়াটি শেরপুর শহরের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি।
জামায়াতের নেতা-কর্মীদের দাবি, মহড়ায় পাঁচ শতাধিক মোটরসাইকেলে করে শেরপুর ও ধুনট উপজেলার এক হাজারের বেশি নেতা-কর্মী অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘর ছাড়ছে মানুষ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বসতঘরে পানি ওঠায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুটি এলাকার শতাধিক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
গতকাল শুক্রবার পৌর এলাকার চরমোহনপুর গিয়ে দেখা যায়, ওই এলাকার ৬০টি পরিবারের বসতঘরে কোমর থেকে বুক পর্যন্ত পানি। এ কারণে ইতিমধ্যে ৪০টি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এই এলাকার লোকজন নৌকা ও ভেলায় চলাচল করছে।
পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, পৌরসভার নামোশংকরবাটির কলেজপাড়ার ৬০টি, সুলতানপাড়ার ৪০টি, লিয়াকতপাড়ার ৫০টি ও ফাকুপাড়ার ৩০টি পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব পরিবারের লোকজন বিশুদ্ধ পানি পান করতে পারছে না।
চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। দক্ষিণ চরাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। মেয়র আবদুল মতিন জানান, এসব এলাকা ছাড়াও পৌরসভার দ্বারিয়াপুর, ধাপাপাড়া ও নামোনিমগাছীর প্রায় ১০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, সদর ও শিবগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল পদ্মার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ও মহানন্দার পানি ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।