শেরপুরে জামায়াত শিবিরের আট নেতা-কর্মীর কারাদণ্ড
বিক্ষোভ মিছিল করে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আট নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল বাতেনসহ ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। গতকাল রোববার বিকেলে শেরপুরের দ্রুত বিচার আদালতের বিচারক ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার আমির মো. শাহাদাত হোসাইন, নালিতাবাড়ী উপজেলা শাখার আমির আবদুল কাদের, উপজেলা সেক্রেটারি রুহুল আমীন, পৌর আমির আফছার উদ্দিন, শেরপুর সদর (পূর্ব) শাখার আমির আবদুল আউয়াল, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশতাক আহমেদ, জামায়াতের কর্মী লাভলু মিয়া ও পরাগ মিয়া। আসামিরা সবাই পলাতক।আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংগঠনের নেতা-কর্মীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সজীব খান দ্রুত বিচার আইনে ১৮ জনকে আসামি করে শেরপুর সদর থানায় মামলা করেন। গত ১১ জুলাই শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুুল্লাহ আল মামুন ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে গতকাল রায় ঘোষণা করেন।