শেরপুরে জাল ভোট, কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল শনিবার সদর ও ঝিনাইগাতী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়েছে। জাল ভোট দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে জেল-জরিমানা করেছেন।
সংঘর্ষ চলাকালে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্তত দশজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটায় শান্তিপূর্ণ পরিবেশে সদর ও ঝিনাইগাতী উপজেলার ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু দুপুরের পর কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা জাল ভোট দেন এবং কেন্দ্র দখলের চেষ্টা করেন। বেলা তিনটার দিকে সদরের রৌহা ইউপির নাওভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদস্য পদপ্রার্থী আঙ্গুর মিয়া ও ছামেদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ সোহাগ মিয়াকে (২৫) গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগের বাড়ি উপজেলার রঘুনাথপুর দিকপাড়া গ্রামে।
প্রায় একই সময় সদরের ধলা ইউপির বাকেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী সদস্য পদপ্রার্থী নাজমা ও ফজিলা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। বেলা তিনটার দিকে গাজীরখামার উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদুল ইসলাম ও জাসদের (ইনু) চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে বেলা আড়াইটার দিকে গাজীরখামার ইউপির চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে জাসদের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মঞ্জুরুল হককে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ ওই কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে উদ্ধার করেন। এ কেন্দ্রেও আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে।
এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে সদরের বাজিতখিলা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ মো. রাকিবুল ইসলাম ও মো. আরিফুল ইসলামকে এক মাস করে কারাদণ্ড দেন। একই আদালত বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে শাহাদাত হোসেন নামের এক কিশোরকে তিন হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম অভিষেক দাশ গাজীরখামার ইউপির গীর্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা করেন।