শেরপুরে জি এম সিরাজের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির একাংশের ক্ষুব্ধ নেতা-কর্মীরা বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সাবেক সাংসদ ও বিএনপি নেতা জি এম সিরাজের কুশপুত্তলিকা দাহ করেছেন। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে গতকাল রোববার এ কর্মসূচি পালন করেছে দলের ওই অংশটি।
গতকাল রোববার বিকেলে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে শহর বিএনপির সভাপতি বি এইচ এম কামরুজ্জামানের নেতৃত্বে ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে কুশপুত্তলিকাটি দাহ করা হয়।
পরে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম, আরিফুর রহমান প্রমুখ।
খোকাপন্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান বলেন, জি এম সিরাজ সংস্কারের নামে আবারও দলকে নিয়ে নীলনকশা শুরু করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা তাঁর কুশপুত্তলিকা দাহ করেছেন। জি এম সিরাজের সমর্থক উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, মত প্রকাশ মানুষের একটি গণতান্ত্রিক অধিকার।
সাবেক সাংসদ সিরাজের সঙ্গে গতকাল সন্ধ্যায় একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।