শেরপুরে জেএমবির দুই সদস্য গ্রেপ্তার
শেরপুর সদর থানার পুলিশ গতকাল শুক্রবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন শেরপুর জেলা শহরের ঢাকলহাটি মহল্লার মো. রাজা মিয়ার ছেলে নাজমুল শাহাদাত (২০) ও শেরীপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে মো. মনিরুজ্জামান (২০)। পুলিশ তাঁদের কাছ থেকে জেএমবির বিভিন্ন কার্যকমবিষয়ক কাগজপত্র ও সদস্যতালিকা উদ্ধার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই যুবক দীর্ঘদিন ধরে গোপনে শেরপুরে জেএমবির কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের ওপর গোয়েন্দা নজরদারির পর গতকাল পুলিশ নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক নিজেদের জেএমবির সদস্য হিসেবে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুত চলছে। বর্তমানে তাঁরা সদর থানা হেফাজতে রয়েছেন।