শেরপুর শহর থেকে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গতকাল রোববার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে জেলা সদরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ‘আল্লাহর দলের’ তিন সদস্য রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, গতকাল দুুপুর ১২টার দিকে জেএমবির সদস্য নাজমুস শাহাদাত ওরফে রানা ও মনিরুজ্জামান ওরফে মানিককে আদালতে হাজির করা হয়। শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হলে আদালত দুই দিন মঞ্জুর করেন। গত শুক্রবার শহরের ঢাকলহাটি ও শেরীপাড়া মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আল্লাহর দলের দেলোয়ার হোসেন ওরফে বাবুল, তাঁর স্ত্রী শামিমা নাছরিন ওরফে রানু বেগম ও মইনুল হোসেনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড চলছে। জিজ্ঞাসাবাদে দলের কার্যক্রম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে তা প্রকাশ করা যাবে না। কাল মঙ্গলবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড শেষ হবে। ২০ জানুয়ারি জেলা সদর থেকে ওই তিনজনসহ আল্লাহর দলের সাতজনকে গ্রেপ্তার করা হয়।