শেরপুরে জেলা জজের অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের সঙ্গে অসদাচরণ এবং পক্ষপাতমূলক বিচারকাজের প্রতিবাদে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলমের অপসারণের দাবিতে শেরপুর জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে জজ কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে সরকারি আইন কর্মকর্তাসহ প্রায় ৮০ জন আইনজীবী অংশ নেন।মানববন্ধন শেষে শেরপুর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে সংগঠনের আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সদ্য পদত্যাগকারী সহসভাপতি রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী মো. তছলিম উদ্দিন, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি প্রদীপ দে, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মিহির কুমার সাহা, হাফিজুর রহমান, সুব্রত দে, আবুল মানসুর, তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।যোগাযোগ করা হলে শেরপুর জেলা সম্মিলিত আইনজীবী পরিষদের নেতাদের অভিযোগ অস্বীকার করে শেরপুর জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন।এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল কোনো মন্তব্য করতে রাজি হননি।অপর দিকে সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, জেলা ও দায়রা জজের কার্যক্রমের ব্যাপারে আলোচনা করার জন্য ১৮ আগস্ট একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাটি মুলতবি করা হয়। ঈদের পর যথারীতি মুলতবি সভাটি অনুষ্ঠিত হবে। সভাপতি বা সম্পাদকের নির্লিপ্ততা বা অসহযোগিতার ব্যাপারে কতিপয় আইনজীবীর অভিযোগ সঠিক নয় বলে তিনি জানান।