শেরপুর জেলা বিএনপির সহসভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একাংশ। বিএনপি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে শেরপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক দলের সহসভাপতি সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই সহসভাপতি সাইফুল ইসলাম সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় ঠিকাদারি ও পরিবহন ব্যবসায় জড়িত হওয়া ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমেই সাইফুলকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এদিকে সাইফুল ইসলামকে সহসভাপতির পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির একাংশ সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। সংবাদ সমেঞ্চলনে সাইফুল ইসলাম বলেন, জেলা বিএনপির কোনো নেতা বা সদস্যকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করার এখতিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেই। এ সময় তিনি আবদুর রাজ্জাক ও মাহমুদুল হককে শেরপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।