শেরপুরে ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয় এক মাসেও মেরামত করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর উত্তরপাড়া অস্থায়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এক মাস আগে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হলেও এখন পর্যন্ত তা মেরামত করা হয়নি। বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে।বিদ্যালয় সূত্র জানায়, গত ৩ জুন ভোরে কালবৈশাখী ঝড়ে চরশেরপুর উত্তরপাড়া অস্থায়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বিনষ্ট হয় বিদ্যালয়ের অর্ধশতাধিক বেঞ্চ। আর্থিক সংকটের কারণে বিদ্যালয় কর্তৃৃপক্ষ ঘরটি মেরামত করতে পারেনি। এখন খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চলছে। গত শনিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেছে, খোলা আকাশের নিচে ক্লাস করতে তাদের কষ্ট হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব আলী বলেন, বিদ্যালয়টি মেরামতের জন্য শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বলেন, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে।