শেরপুরে টর্নেডো শতাধিক ঘরের চালা উড়ে গেছে
বগুড়ার শেরপুরে গতকাল রোববার দুপুরে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরের চালা উড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে গেছে। একই সঙ্গে শিলাবৃষ্টিতে ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর পৌর শহর, খানপুর, গাড়িদহ, খামারকান্দি, গাড়িদহ, কুসুম্বী, মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের কিছু এলাকায় টর্নেডো আঘাত হানে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ভাষ্যমতে, টর্নেডোতে শত শত গাছপালা ভেঙেছে। শতাধিক বাড়ির ঘরের চালা উড়ে গেছে। একই সঙ্গে শিলাবৃষ্টির কারণে ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল খালেক বলেন, শুধু পৌর শহরেই চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। কয়েকটি স্থানে বিদ্যুতের সরবরাহ লাইন ছিঁড়ে পড়েছে।
গাছপালা ভেঙে বসতঘরের ওপর পড়ায় অর্ধশতাধিক লোক আহত হন। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ থেকে শেরুয়া পর্যন্ত অংশে কয়েকটি গাছ উপড়ে এবং ডালপালা ভেঙে পড়ায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কে কয়েক শ যানবাহন আটকে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, টর্নেডোর আঘাতে আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।