শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর ব্যাঙের মোড় এলাকায় আজ সোমবার দুপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নিহত ব্যক্তির নাম সাহেব আলী (৫০)। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
এ দুর্ঘটনায় আহত তিনজন হলেন হায়দার আলী ও তাঁর স্ত্রী শেফালী বেগম এবং মাহবুবুর রহমান। তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে হায়দার আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেফালী ও মাহবুবুরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে ব্যাঙের মোড় এলাকায় শেরপুর থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও তিন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় সাহেব আলীকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা রয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।