শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহতের নাম মো. মনোয়ার হোসেন (১৫) ‍। তার বাড়ি জামালপুরের জেলার ইসলামপুর উপজেলার হরিনধরা গ্রামে।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন শেরপুর সদর উপজেলার শিবউত্তর গ্রামের নূর আলম (১৩) ও আবদুল হামিদ (১০) এবং বাগরাখশাহ গ্রামের শিপন মিয়া (২৮) ও সাইফুল ইসলাম (২৫)। আহতদের মধ্যে সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে শেরপুর জামালপুর মহাসড়কের পোড়ারদোকান এলাকায় জামালপুর থেকে শেরপুরগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মনোয়ার মারা যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মনোয়ার ঢাকার একটি পোশাক কারখানার কর্মী বলে জানা গেছে।