শেরপুরে ট্রাক-টেম্পো সংঘর্ষে পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ নিহত ২
শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার নবীনগর নয়াপাড়া এলাকায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তাসহ দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে সংঘটিত ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন টেম্পোর যাত্রী শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী এনফোর্সমেন্ট সমন্বয়ক আবদুল আহাদ সরকার (২৬) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা গ্রামের গোল্লা মিয়ার স্ত্রী শুটকি বেগম (৩৫)। নিহত আহাদ সরকারের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে।আহত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামের আয়নাল হক, কুঠুরাকান্দা গ্রামের বুড়ু মিয়া ও নকলা উপজেলার কায়দা গ্রামের ওবায়দুল হক। তাঁদের সবাইকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর নয়াপাড়া এলাকায় শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবদুল আহাদ সরকার ও শুটকি বেগম নিহত হন।