শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়কে ট্রাকের চাপায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুস সাত্তার (৪০)। আহত হন নিহত যাত্রীর স্ত্রীসহ পাঁচজন। তাঁরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার চকপোতা গ্রামে।
ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা বটতলা আজ বুধবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, মহাসড়ক দিয়ে উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ওই সিএনজিচালিত অটোরিকশা শেরপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবদুস সাত্তার নিহত হন। দুর্ঘটনায় আহত হন তাঁর স্ত্রী আঞ্জু বেগম (৩৫) ও ভাগনি মোছা. জিয়াজিন (১৪), উপজেলার চকনশি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী রুনা বেগম (২৫), খন্দকারটোলার শরিফুল ইসলাম (১৮) ও দুবলাগাড়ী গ্রামের মো. সোহেল (২৫)। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে বগুড়ার দিকে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহত আঞ্জু বেগম ও মোছা. জিয়াজিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আজ বেলা দুইটায় নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের সন্ধান পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।