শেরপুরে ট্রাকচাপায় চার স্কুলছাত্র নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের নয়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এিদকে শেরপুর জেলা শহরের নওহাটা খোয়ারপাড় এলাকায় ট্রাকচাপায় মো. জুনাইদ হোসেন (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা শেরপুর-শ্রীবরদী সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং দায়ী ট্রাকচালককে গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনতা অবরোধ তুলে নেয়।
নালিতাবাড়ীতে নিহত ছাত্ররা হলো উপজেলার চারালি বাজার এলাকার আবদুর রহিমের ছেলে জামাল উদ্দিন (১৬), আলাল উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (১৬) ও হাবিবুর রহমানের ছেলে মো. রাজন মিয়া (১৬)। তারা সবাই স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। রাজন নবম শ্রেণি এবং নজরুল ও জামাল দশম শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের চারালি বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধু নালিতাবাড়ী শহরে আসছিল। নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের নয়াবিল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই জামাল ও নজরুল মারা যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রাজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন গতকাল সন্ধ্যায় বলেন, একটি বিয়ের দাওয়াত খেয়ে ওই তিন কিশোর মোটরসাইকেলে করে নালিতাবাড়ী বাজারের দিকে আসছিল। নয়াবিল এলাকায় বাজারের কাছে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
জুনাইদ হোসেন শহরের উত্তর গৌরীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং উত্তর গৌরীপুর মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নওহাটা খোয়ারপাড় এলাকার লিখন সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় শ্রীবরদী থেকে শেরপুরগামী একটি ট্রাক স্কুলছাত্র জুনাইদকে চাপা দেয়। এ সময় ট্রাকের বাম্পারে আটকে গেলে ট্রাকচালক জুনাইদকে প্রায় ২০০ গজ ছেঁচড়িয়ে নিয়ে ট্রাক থামিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন জুনাইদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।