শেরপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের নওহাটা খোয়ারপাড় এলাকায় ট্রাকচাপায় মো. জুনাইদ হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

জুনাইদ শহরের উত্তর গৌরীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে উত্তর গৌরীপুর মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে খোয়ারপাড় এলাকার লিখন সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় শ্রীবরদী থেকে শেরপুরগামী একটি ট্রাক জুনাইদকে চাপা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশে জুনাইদ আটকে গেলেও ট্রাক চালক তাকে প্রায় দুই শ গজ টেনে নিয়ে যায়। এলাকাবাসী মারাত্মক আহত অবস্থায় জুনাইদকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকাবাসী খোয়ারপাড় নওহাটা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন এবং ট্রাক চালককে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।