শেরপুরে ঠিকাদারদের হাতে হিসাবরক্ষক লাঞ্ছিত
বগুড়ার শেরপুর উপজেলায় গত বৃহস্পতিবার বিকেল চারটায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৫০ লাখ টাকার কাজের দরপত্রের লটারি চলাকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক হারুন অর রশিদ ঠিকাদারদের হাতে লাঞ্ছিত হয়েছেন।সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের সভাকক্ষে এডিপির আওতাধীন বিভিন্ন উন্নয়নকাজের ১৮টি গ্রুপের লটারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটায় শুরু হয়। ঠিকাদার জহুরুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক হারুন অর রশিদ লটারি পরিচালনা করেন। তিনি যে গুটি তুলেছেন, তা প্রকাশ না করে অন্য গুটির নম্বর বলার কারণে ঠিকাদারেরা উত্তেজিত হয়ে ওঠেন। এ কারণে ওই সময় ঠিকাদারদের হাতে তিনি লাঞ্ছিত হন। ঠিকাদার বিপুল ঘোষ ও শান্তনু স্যানালসহ কয়েকজন একই কথা জানান। আরেক ঠিকাদার মো. পরাগ জানান, বিকেল চারটায় পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। ঠিকাদার জহুরুল ইসলামের ভাষ্যমতে, কমপক্ষে ৪০০ ঠিকাদার দরপত্রে অংশ নেন।মুঠোফোনে একাধিকবার উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একইভাবে হিসাবরক্ষক হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।তবে উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তালিম হোসেন বলেন, ‘লটারি চলাকালে আমি ছিলাম না। পরে এসে ঘটনার কথা শুনেছি।’শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদের মধ্যে ঠিকাদারি কাজের লটারি হবে, এ সংবাদ আমাকে আগে জানানো হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান বলেন, ‘লটারির সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে ঠিক, তবে কেউ লাঞ্ছিত হয়নি। উত্তেজনার ঘটনায় লটারি বাধাগ্রস্ত হয়নি।’