শেরপুরে ডাকাত আতঙ্কে কৃষকেরা
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দুটি গ্রামে গত দুই রাতে এক দল ডাকাত হামলা চালায়৷ এ সময় গ্রামবাসীর প্রতিরোধে ডাকাতেরা লুটপাট করতে ব্যর্থ হয়। তবে ডাকাত নিয়ে আতঙ্কে আছেন ওই ইউনিয়নের কৃষকেরা।
এলাকার অনেকে জানান, গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে একদল ডাকাত ওই ইউনিয়নের পানিসারা নতুনপাড়া গ্রামের কৃষক আবু বক্কারের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। পরদিন শনিবার রাতে একই ইউনিয়নের পানিসারা হিন্দুপাড়া গ্রামে ডাকাতেরা অবস্থান নেয় গ্রামের সড়কের ওপর। প্রতিটি দলের সদস্য ছিল কমপক্ষে ৩৫ থেকে ৪০ জন। সবার পরনে ছিল হাফপ্যান্ট।
কয়েকজন কৃষক জানান, এবার কৃষকদের ধানের ভালো ফলন হয়েছে। বাজার মূল্যও পেয়েছে বেশি। কৃষকদের বিক্রি করা ধানের টাকা লুট করে নিতেই গ্রামে গ্রামে ডাকাত দল হামলা চালাচ্ছে৷ এ কারণে এই ইউনিয়নবাসীর মধ্যে ডাকাত আতঙ্কও বেড়েছে।
পানিসারা নতুনপাড়া গ্রামের কৃষক আবু বক্কারের ছেলে মো. ফেরদৌস জানান, গত শুক্রবার ছিল তাঁর বোনের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে তাঁদের অনেক আত্মীয়স্বজন এসেছিলেন। ওই দিন রাত একটার দিকে বাড়ির প্রধান ফটক খোলার চেষ্টা চালায় ডাকাত দল। তাঁরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে গ্রামের মসজিদের মাইক দিয়ে তাঁদের বাড়িতে ডাকাত ওঠার ঘটনা গ্রামবাসীকে জানান। গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে এলে ডাকাত দল পিছু হটে গ্রামের পূর্ব পাশে একটি খাল পার হয়ে চলে যায়।
সরেজমিনে বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসারা, নতুন পানিসারা, পাবনা পাড়া, মান্দাইল ও তেতঁুলিয়া গ্রামে গিয়ে কথা হয় কৃষকদের সঙ্গে৷ এ সময় কৃষকেরা জানান, এখন প্রতিটি রাত তাঁদের কাটছে ডাকাত আতঙ্কে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, ওই সব গ্রামে বর্তমানে বৃষ্টির কারণে যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় দ্রুত ঘটনাস্থলে যাওয়া সম্ভব হচ্ছে না। তবুও আইনশৃঙ্খলা রক্ষায় রাত্রীকালীন সময়ে ওই সব এলাকায় টহল পুলিশ জোরদারে তিনি ব্যবস্থা নেবেন।