শেরপুরে ডাকাতির কবলে পুলিশের অটোরিকশা
বগুড়ার শেরপুর উপজেলায় গত সোমবার পুলিশের রিকুইজিশন করা সিএনজিচালিত একটি অটোরিকশা ডাকাতের কবলে পড়ে। ওই দিন রাতে দুর্বৃত্তরা সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অটোরিকশায় পুলিশ দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশের সদস্য (কনস্টেবল) শাহেদুর রহমান জানান, শেরপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে তাঁরা রাতে টহল দিচ্ছিলেন। রাত ১২টার দিকে তাঁরা সড়কের বোয়ালকান্দি এলাকায় পৌঁছান। সেখানে ডাকাতি করতে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সড়কের পাশের একটি বড় গাছ কেটে ফেলে রাখে। কিন্তু তিনিসহ টহলরত পুলিশ সদস্যরা অটোরিকশা থেকে নেমে এলে দুর্বৃত্তরা তাঁদের দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আরও পুলিশ গিয়ে রাত তিনটার দিকে সড়কের ওপর থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।
বগুড়া জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ জানান, ওই সড়কে সারা রাত অটোরিকশা চলাচল করে। সময়মতো পুলিশ যাওয়ায় তাঁদের গাড়িগুলো ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছে।
সান্তাহারে পেট্রলপাম্পে ডাকাতি
আমাদের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার সান্তাহার শহরের আনিকা ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পে গত রোববার রাতে ডাকাতেরা হামলা চালায়। এ সময় ডাকাতেরা প্রথমে নৈশ্যপ্রহরী মোহাম্মদ আলী, পাম্পের তেল ওজনকারী সনি ও লিখনকে ধরে পাশের গুদামে বেঁধে রাখে। এরপর ডাকাতেরা পাম্পের ক্যাশ কাউন্টারে ঢুকে পাম্পের ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আট লাখ টাকা লুট করে। পরে তারা কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পাম্পের ব্যবস্থাপক দেলোয়ার ও শহরের রেলওয়ে পূর্ব লোকো কলোনি থেকে হবিবর নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাম্প-মালিকের ভাতিজা আবদুল লতিফ থানায় একটি মামলা করেছেন।