শেরপুরে ডেসটিনির দুই পক্ষে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ডেসটিনি ২০০০ লিমিটেডের শাখা কার্যালয়ে কর্মরত দুটি পক্ষের মধ্যে বিরোধের জের ধরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি পক্ষ গত মঙ্গলবার ল্যাপটপ ও টাকা লুট এবং অপর পক্ষ গত বুধবার টাকা আত্মসাতের অভিযোগ দিয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর থানায় প্রথম অভিযোগ দেন ওই শাখার কর্মকর্তা (সাইকেলধারী ম্যান) মো. মিলন। মিলন বলেন, তাঁদের এই শাখায় লেভেলধারী ম্যান হিসেবে কর্মরত আছেন উপজেলার জয়নগর গ্রামের আতিকুর রহমান ও জিয়াউল হক। মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কার্যালয়ে এসে হঠাৎ করে ওই দুজনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন তাঁর ব্যক্তিগত ল্যাপটপ, ল্যাপটপের ব্যাগের ভেতরে রাখা ৫২ হাজার ২৫০ টাকাসহ কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান।বুধবার বিকেলে ওই শাখার তিন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন সংস্থাটির সাধারণ ডিস্ট্রিবিউটর মোছা. শামীমা। শামীমা অভিযোগ করেন, সংস্থাটির শেরপুর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিলন, বাবলু ও বিশ্বজিৎ কর্মকার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনিসহ ২৪ জনের কাছ থেকে কয়েক মাস আগে এক লাখ ৫৭ হাজার ৭০০ টাকা নেন। টাকা নেওয়ার সময় তাঁকেসহ প্রত্যেক সদস্যকে সাত দিনের মধ্যে ‘পাওলোনিয়া’ গাছ (কাঠজাতীয় গাছ) দেওয়ার এবং বনায়ন প্রকল্পের ওপর দীর্ঘমেয়াদি মুনাফা পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সাত দিনের মধ্যেও গাছ না পেয়ে ওই টাকা আত্মসাৎ হতে পারে আশঙ্কায় তাঁরা সংস্থার কার্যালয়ে গিয়ে টাকা ফেরত চান। কিন্তু সংস্থার কর্মকর্তারা টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন।শামীমা জানান, টাকা ফেরত না পেয়ে তাঁরা গত মঙ্গলবার কর্মকর্তাদের সামনে প্রতিবাদ করেছেন। এতে মো. মিলন কার্যালয়ের অপর কর্মকর্তাদের যোগসাজশে আতিকুর রহমান ও জিয়াউল হকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন। আতিকুর রহমান ও জিয়াউল হক দাবি করেন, তাঁরা মিলনের ল্যাপটপ ও টাকা নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত নন। সংস্থাটির একাধিক ডিস্ট্রিবিউটর টাকা ফেরত চাইতে গেলে তাঁদের কার্যালয়ে না আসার হুমকি দেওয়া হয়। তাঁরা এ ঘটনার প্রতিবাদ করেছিলেন। এ জন্যই তাঁদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।ওই কার্যালয়ের গোল্ড ডিস্ট্রিবিউটর বিশ্বজিৎ কর্মকার জানান, উল্লিখিত ২৩ জন সংস্থাটির শর্ত মেনে টাকা জমা দিয়েছেন। টাকার বিপরীতে তাঁদের প্রাপ্তিপত্রও দেওয়া হয়েছে। এখন তাঁরা হঠাৎ করে টাকা ফেরত চাইছেন। টাকা ফেরত না পেয়ে তাঁরা ল্যাপটপ এবং ল্যাপটপের ভিতরে থাকা টাকাসহ কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন। তিনি দাবি করেন, ওই ২৩ জনের টাকা আত্মসাৎ করা হয়নি।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।