শেরপুরে ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার সময় ফের বিপাকে পড়ছেন শেরপুরের মানুষ। বাসমালিকেরা তাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অভিযোগ রয়েছে, যাত্রীপ্রতি ১৫০-২৫০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।
জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে চলাচলকারী বিশেষ সার্ভিস সোনার বাংলা পরিবহনের স্বাভাবিক সময়ের নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা। এ ছাড়া বিভিন্ন পরিবহনের এসি ও নন-এসি নৈশকোচগুলোর ভাড়া ছিল যথাক্রমে ৪০০ ও ৩৫০ টাকা। ঈদুল ফিতরের পর মালিক সমিতির পক্ষ থেকে এসব পরিবহনের ভাড়া বাড়ানো হয়। বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ সময় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করার জন্য শেরপুরের বিভিন্ন এলাকায় এসেছেন। কিন্তু ছুটিশেষে ঢাকা ফিরতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
সোনার বাংলা পরিবহনের যাত্রী ঝিনাইগাতী উপজেলার পূর্ব গজারিকুড়া গ্রামের তৈরি পোশাককর্মী লিপি বেগম বলেন, তাঁর কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেওয়া হয়েছে। তিনি স্বল্প বেতনের একজন পোশাককর্মী। ঢাকা থেকে আসার সময় বেশি ভাড়া দিয়েছেন। এখন আবার ফেরার সময়ও অতিরিক্ত ভাড়া দিচ্ছেন। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঝিনাইগাতী উপজেলার আহমদনগর দীঘিরপাড় গ্রামের সাইফুল ইসলাম বলেন, তাঁর কাছ থেকে সোনার বাংলা পরিবহনের নৈশকোচের ভাড়া ৬০০ টাকা নেওয়া হয়েছে।
সোনার বাংলা পরিবহনের কাউন্টারের টিকিট ক্লার্ক সোহাগ মিয়া দিবা ও নৈশকোচের যাত্রীদের কাছ থেকে যথাক্রমে ৫০০ ও ৬০০ টাকা ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে, শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেরপুর থেকে বর্তমানে বাসগুলো পূর্ণ যাত্রী নিয়ে ঢাকায় গেলেও ঢাকা থেকে ১০-১২ জন যাত্রী অথবা প্রায় খালি অবস্থায় শেরপুরে ফিরতে হচ্ছে। তাই বাসমালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে।