শেরপুরে ঢাকাগামী বাসে বেশি ভাড়া আদায়
ঈদুল আজহার ছুটি শেষে শেরপুর থেকে ঢাকাগামী বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে মালিক সিমিতি। এতে অতিরিক্ত টাকা খরচ হয়ে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন।
জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ-ঢাকা পথে চলাচলকারী সোনার বাংলা পরিবহনের স্বাভাবিক সময় নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা। ঈদুল আজহার পর মালিক সমিতির পক্ষ থেকে এসব পরিবহনের ভাড়া যাত্রীপিছু ১০০ টাকা করে বাড়ানো হয়।
গত শনিবার বেলা একটায় সরেজমিনে শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে ৩০০ বা ৩৫০ টাকার স্থলে ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে। সেখানে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তাঁরা অভিযোগ করেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ পরিবার নিয়ে শেরপুরের বিভিন্ন এলাকায় এসেছেন। কিন্তু ছুটি শেষে এখন ঢাকা ফিরতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের যাত্রী শ্রীবরদী উপজেলার কাজীরচর গ্রামের মোস্তফা কামাল ও সদর উপজেলার যোগিনীবাগ গ্রামের পোশাককর্মী মো. আমিনুর রহমান বলেন, তাঁদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, প্রশাসনকে মৌখিকভাবে জানিয়ে যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে।