শেরপুরে তিন প্রার্থীর জরিমানা, নীলফামারীতে দুই কর্মীর সাজা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে টাকা বিতরণের দায়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে শেরপুরে আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ, বিশালকায় প্রতীক প্রদর্শন ও আলোকসজ্জা করার দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের রাজ্জাকুল ইসলাম ও লুৎফর রহমান। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম মেহেদী হাসান গতকাল মঙ্গলবার বেলা ১২টায় ওই সাজা প্রদান করেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমানের পক্ষে ওই দুই ব্যক্তি সোমবার রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়নের খন্দকারপাড়ায় আইয়ুব আলী ও তাঁর স্ত্রী মোতাহারা বেগম তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। চতুর্থ দফায় ৭ মে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপিতে আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ ও বিশালকায় প্রতীক প্রদর্শনের দায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মোজাম্মেল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিশালকায় নৌকাসহ তোরণটি অপসারণ করা হয়। গতকাল দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সেলিম রেজা এ অভিযান পরিচালনা করেন।
গতকাল প্রথম আলোয় মালিঝিকান্দা ইউপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হকের আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত একটি ছবি ছাপা হয়।
এদিকে শেরপুর সদর উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার দায়ে গত সোমবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার রৌহা ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুজ্জামান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মিজু।
সাইফুজ্জামান উপজেলার চরপাড়া ও আমতলি বাজারে তোরণ নির্মাণ করে তার ওপর নৌকা প্রতীক প্রদর্শন করেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম অভিষেক দাশ সাইফুজ্জামানকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং তোরণ অপসারণের নির্দেশ দেন।
এ ছাড়া উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় নির্বাচনী ক্যাম্পে প্রতীকে আলোকসজ্জা করার দায়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে আদালত তিন হাজার টাকা জরিমানা করেন।