শেরপুরে তিন ভুয়া পরীক্ষার্থীর জেল, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত শনিবার ডিগ্রি পরীক্ষায় তিনজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন।
শনিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম।
আদালত সূত্র জানায়, শেরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে শনিবার বেলা দুইটার দিকে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে আটক ভুয়া পরীক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের ছাত্র শেরপুর উপজেলার দড়িহাসড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৩), বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র একই উপজেলার খানপুর পশ্চিমপাড়া গ্রামের রাজু আহম্মেদ (২৩) ও বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের বিএসএস তৃতীয় বর্ষের ছাত্র ওই উপজেলার সোনারগাঁ গ্রামের এখলাছ উদ্দিন (২৩)।
শেরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্রসচিব আবু বকর জানান, আটক ভুয়া পরীক্ষার্থীরা মূল ছাত্রের প্রবেশপত্রে সংযুক্ত ছবি তুলে সেই স্থলে নিজেদের ছবি যুক্ত করে এই বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এঁদের মধ্যে আটক জাহাঙ্গীর আলম শেরপুরের রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী মো. আল আমিন, রাজু আহম্মেদ একই কলেজ আরেক পরীক্ষার্থী রবিউল হোসেন এবং এখলাছ উদ্দিন ধুনট ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ইউনুছ আলীর বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।