শেরপুরে তৃণমূল পর্যায়ে গ্রন্থাগার স্থাপন কর্মসূচির উদ্বোধন
তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, এ দেশের মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের বই পড়তে হবে। বই পড়লে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। আলোকিত জাতি গঠনের উদ্দেশ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশের ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গ্রন্থাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে।মন্ত্রী গতকাল শনিবার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে তৃণমূল পর্যায়ে গ্রান্থাগার ও গ্রন্থাগার কর্নার স্থাপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে।অনুষ্ঠানে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, শেরপুর জেলার পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা, ৫২টি ইউনিয়ন এবং প্রায় ৬৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে গ্রন্থাগার কর্নার স্থাপন ও বই সরবরাহ কার্যক্রম আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শেরপুর জেলায় এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে তা সারা দেশে শুরু করা হবে।পরে মন্ত্রী ফিতা কেটে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদ ভবনে স্থাপিত গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গ্রন্থাগারের জন্য বই তুলে দেন।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ।