শেরপুরে ত্রাণের টিন বিতরণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা তৈরি নিয়ে জটিলতায় বগুড়ার শেরপুরে সরকারের বরাদ্দ ঢেউটিন বিতরণ বন্ধ রয়েছে। ৪০ বান্ডেল (প্রতি বান্ডেলে আটটি) টিন দুই মাস ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে পড়ে আছে।প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি নেই—এমন দরিদ্র লোকজনের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের এসব টিন বিতরণের নির্দেশ রয়েছে। স্থানীয় সাংসদের পরামর্শ এবং উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের (উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যান) সুপারিশে টিন বিতরণের এ তালিকা তৈরি করার কথা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, স্থানীয় সাংসদ হাবিবুর রহমান ৪০ বান্ডেল টিনের বিপরীতে ৪০ জনের একটি তালিকা তৈরি করে প্রায় ১৫ দিন আগে তাঁকে দিয়েছেন। অপরদিকে, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান তাঁর এলাকার দরিদ্র লোকজনের তালিকা করে তাঁদের মধ্যে ২০ বান্ডেল টিন বিতরণের দাবি জানিয়েছেন। এ কারণে টিন বিতরণ বন্ধ রয়েছে।খানপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ও ভবানীপুরের জি এম মোস্তফা কামাল জানান, তাঁদের কাছ থেকে কোনো তালিকা নেওয়া হয়নি।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান জানান, প্রকল্প কার্যালয়ে যে তালিকা জমা পড়েছে, তা নিয়মবহির্ভূতভাবে তৈরি করা হয়েছে।সাংসদ হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তালিকা করা হয়েছে। এতে কারও আপত্তি থাকলে তা পরে দেখা হবে।’