শেরপুরে ত্রাস সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ফাঁকা গুলি ছুড়ে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মো. এহতেশামুল আক্তার চৌধুরী (৪০) নামের এক ব্যবসায়ীকে আজ রোববার কারাগারে পাঠিয়েছেন দ্রুত বিচার আদালত।

গতকাল শনিবার রাতে ওই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর কাছ থেকে একটি শর্টগান, চারটি গুলি ও তাঁর ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

শামীম জামালপুর জেলা শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আটটার দিকে ব্যবসায়িক কাজে শামীম জামালপুর থেকে শেরপুর শহরে আসেন। এ সময় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে যানজট সৃষ্টি হলে তিনি তাঁর প্রাইভেট কার থেকে নেমে আকস্মিকভাবে একটি ফাঁকা গুলি ছোড়েন ও সিএনজিচালিত একটি অটোরিকশার কাচ ভাঙচুর করেন। এতে সেখানে থাকা লোকজন ভয়ে দিগবিদিগ ছুটতে থাকেন। এসময় শামীম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাঁকে শহরের নিউমার্কেট মোড় থেকে গ্রেপ্তার করেন। পরে আজ তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক সুদীপ্তা রায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।