শেরপুরে দখলদারদের হামলায় কৃষক নিহত
বগুড়ার শেরপুরে দখলদারদের হামলায় নাজমুল হক (২৬) নামের এক কৃষক নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।নাজমুল হক উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের আবদুল কাদেরের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের সাইফুল ইসলাম (৩৫) ও রফিকুল ইসলাম (৩৪)। এ ঘটনায় আবদুল কাদের গতকাল রোববার মামলা করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওলীউল্লাহ জানান, নাজমুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও প্রহারের জখম রয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ওই রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।দড়িমুকুন্দ গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, তিনি ২০-২৫ বছর আগে নিতাই চন্দ্র কর্মকারের কাছ থেকে দড়িমুকুন্দ মৌজার ৪২ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছেন। শনিবার ১৮-১৯ জন ওই জমি দখল করার চেষ্টা চালান। এ সময় বাধা দিলে তাঁকে মারতে এগিয়ে এলে তিনি দৌঁড়ে প্রাণ বাঁচান। এ ঘটনায় তিনি শনিবার রাতে থানায় অভিযোগ করতে গ্রামের কয়েকজন প্রত্যক্ষদর্শী কৃষককে নিয়ে ভটভটিতে করে যাচ্ছিলেন। পথে ওই দখলবাজরা তাঁদের ওপর হামলা করেন।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।