শেরপুরে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলাদা ঘটনায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুরের নির্বাহী হাকিম ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার সরকার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দরিপাড়া গ্রামের মো. ফরিদ উদ্দিন (২১) ও নামা শেরীর চর গ্রামের মো. আমীন (১৮)। ফরিদ উদ্দিন শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্র ও আমীন পেশায় ট্রাকচালকের সহকারী।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দিন একই গ্রামের প্রতিবেশী এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে বলে বিভিন্ন স্থানে প্রচারপত্রও বিলি করেন। এ ঘটনায় মেয়ের বাবা শেরপুর সদর থানায় অভিযোগ করলে পুলিশ ফরিদ উদ্দিনকে গতকাল ভোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে মো. আমীন একই গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। তিনি ছাত্রীটিকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু ছাত্রীর অভিভাবক ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমীন ছাত্রীর বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি দেন। এ ঘটনায় ছাত্রীর মা সদর থানায় অভিযোগ করলে পুলিশ ভোরে মো. আমীনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে বিকেলে শেরপুর জেলা শহরের গৃদা নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, ওই দুই যুবককে গতকাল বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।