শেরপুরে দুই মাদক ব্যবসায়ীকে দণ্ড
শেরপুরের শ্রীবরদীতে মাদক ব্যবসা করার অভিযোগে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাবিবা শারমীন আজ বুধবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া গ্রামের মাসুদুর রহমান (৪০) ও কুড়িকাহনীয়া গ্রামের বাবুল মিয়া (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নে আজ সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাসুদুর রহমানের বসত ঘর থেকে ৬০০ গ্রাম ও বাবুল মিয়ার বসত ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আদালত বসিয়ে নির্বাহী হাকিম হাবিবা শারমীন তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দুজনকেই শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শেরপুরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম হাবিবা শারমীন দুজনকে দণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে মাদক ব্যবসা করার অভিযোগে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গুলশান আরা ওরফে লাকি (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছেন। তিনি শ্রীবরদীর খামারিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, লাকির কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা করা হয়েছে।