শেরপুরে দুই সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্ত থেকে গত মঙ্গলবার রাতে দুই সরকারি কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। তাঁদের কাছ থেকে ১১ বোতল ভারতীয় মদ, একটি চায়নিজ পিস্তল, ১৯টি গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জামালপুরের মেলান্দহ উপজেলা প্রকৌশলী লোকমান আলী, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মাদ্রাসা রোডের বাসিন্দা ঠিকাদার শ্যামল চন্দ্র সাহা ও আলমগীর হোসেন এবং শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী (সিএ) আবদুল হালিম ও শ্রীবরদীর বাসিন্দা নূর আলম চৌধুরী।পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে ঝিনাইগাতীর নক্শী বিওপির বিডিআর টহল দল নওকুচি সীমান্ত এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলকে থামায়। প্রাইভেটকার থেকে ১১ বোতল ভারতীয় মদ, একটি চায়নিজ পিস্তল ও পিস্তলের ১৯টি গুলি এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের আরোহী পাঁচজনকে আটক করেন বিডিআরের সদস্যরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গজনী অবকাশ কেন্দ্র থেকে ফিরছিলেন। সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলি বহন করা নিষিদ্ধ থাকলেও ঠিকাদার শ্যামল চন্দ্র সাহা মদসহ তাঁর লাইসেন্স করা অস্ত্র বহন করছিলেন। এ ঘটনায় বিডিআরের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। গতকাল দুপুরে তাঁদের শেরপুরের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।