শেরপুরে দুটি মামলা, গ্রেপ্তার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল বুধবার শেরপুর সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানার পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কামারিয়া ইউনিয়নের দক্ষিণ তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে সহযোগিতা করার অভিযোগে আটক দুই পোলিং কর্মকর্তা মো. শাহজাহান ও মো. আহসান হাবিবকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ গতকাল দুপুরে সদর থানার পুলিশ শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়ার আদালতে সোপর্দ করে। আদালত আগামী ১৯ জুন রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে গ্রেপ্তার হওয়াদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুন নাহারের সমর্থকেরা গত মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে কানাসাখোলা বাজারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাজারের ২০টি দোকান ভাঙচুর ও ১০ জনকে আহত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধ করতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলে এলাহী বাদী হয়ে ২৯ জনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে গতকাল সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে।অন্যদিকে শেরপুর সদরের পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণার পর ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তারা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরার সময় পরাজিত ইউপির একজন সদস্য পদপ্রার্থীর পাঁচ শতাধিক সমর্থক তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের হামলায় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মো. আলাল উদ্দিন ও আনসার কর্মকর্তা মোখলেছুর রহমান গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা সরকারি কর্মচারীদের ব্যবহূত গাড়িটিও ভাঙচুর করে। এ ঘটনায় তিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফজলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে গতকাল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।