শেরপুরে দুর্বৃত্তের লাগানো আগুনে পুড়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান
বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ইউনিয়নে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে নলুয়া কবরস্থান হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার দুটি কক্ষ। এ
সময় ধর্মীয় বই, আসবাবসহ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পুড়ে ছাই হয়। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
১৪ ফেব্রুয়ারি ১০ দিনের বার্ষিক ছুটি হওয়ায় প্রতিষ্ঠানের আবাসিক ভবনে থাকা ৬০ শিক্ষার্থী বাড়ি চলে যায়। আগামী শুক্রবার প্রতিষ্ঠানটি খোলার কথা ছিল। ছুটি থাকায় গত মঙ্গলবার প্রতিষ্ঠানে কেউ ছিল না।
প্রতিষ্ঠানটির মুহতামিম (প্রধান শিক্ষক) মানজুরুল ইসলাম বলেন, কে বা কারা প্রতিষ্ঠানটিতে আগুন দিল, তা তিনি বুঝতে পারছেন না। মঙ্গলবার দিবাগত রাত চারটায় গ্রামের মানুষজনের কাছ থেকে তিনি ঘটনা জানতে পারেন। এই প্রতিষ্ঠানের মক্তবে নলুয়া, বেতগাড়ী ও টাকাধুকুরিয়া গ্রামের ৫০টি শিশুও পড়াশোনা করে। আগুনে ৯০টি ধর্মীয় গ্রন্থ, অফিসকক্ষের আসবাবসহ ৬০ জন আবাসিক শিক্ষার্থীর ব্যবহার্য সবকিছু ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকা।
ওই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি এম এ হালিম তালুকদার বলেন, ওই তিন গ্রামের মানুষের সাহায্য-সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি চলে আসছে। প্রতিষ্ঠান নিয়ে কারও সঙ্গে কোনো বিবাদ নেই।
এ ঘটনায় গতকাল বুধবার মাদ্রাসাটি পরিদর্শনে যান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান।
ইউএনও সরোয়ার জাহান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।