শেরপুরে নকলনবিশেরা কর্মবিরতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতনকাঠামোয় অন্তর্ভুক্ত করা ও দেড় বছরের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শেরপুরের নকলনবিশেরা অনির্দিষ্টকালের জন্য কলম ও কর্মবিরতি কর্মসূচি গত রোববার শুরু করেছেন। এতে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিলের নকল ও বালাম বই লেখার কার্যক্রম বন্ধ থাকায় দলিলের নকল কপি নিতে আসা লোকজন ভোগান্তিতে পড়ছেন।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে নকলনবিশেরা এ কর্মসূচি পালন করছেন। গতকাল সকাল ১০টার দিকে তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন।
নকলনবিশ অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান জানান, দেড় বছর ধরে সরকার নকলনবিশদের বেতন বন্ধ রেখেছে। এ ছাড়া বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাঁদের চাকরি স্থায়ী করছে না সরকার। ফলে দেশের বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা মানবেতর জীবন যাপন করছেন।