শেরপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে এক নারীকে (৩৮) উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে এক যুবক ও তাঁর সহযোগীদের হামলায় তিনজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার খানপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত তিনজন ওই নারীর স্বামীর দিকের আত্মীয়। তাঁরা হলেন মো. আলিমুদ্দিন (৬০), আবদুর রহমান (৪৫) ও আবদুল জলিল (৪০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ওই তিনজনকে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে আলিমুদ্দিন রক্তাক্ত জখমসহ অন্য দুজনের শরীরে ফোলা জখম রয়েছে।
উত্ত্যক্তের শিকার ওই নারী অভিযোগ করেন, চার-পাঁচ মাস ধরে উপজেলার শৈলাপাড়া গ্রামের নবাব আলী ফকিরের ছেলে তোতা মিয়া (৩৫) তাঁর (নারীর) বাড়ির সামনে এসে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করছিলেন। ওই ছেলের কারণে মানসম্মানের ভয়ে তিনি বাড়ির বাইরে পর্যন্ত যেতে পারেন না। গত রোববার সন্ধ্যায় বাড়ির উঠানে তাঁকে দেখতে পেয়ে তোতা মিয়া বাড়ির ভেতরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা চালান। এ ঘটনা জানার পরদিন আত্মীয়স্বজন তাঁর বাড়িতে আসেন। তাঁদের আসার খবর পেয়ে ওই দিন বিকেলে তোতা ও তাঁর সহযোগীরা দেশীয় ধারালো ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলাকারীরা তাঁর শ্বশুরবাড়ির ওই তিন আত্মীয়কে মারধর করে আহত করেন। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে বখাটেরা চলে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলিমুদ্দিন বলেন, তাঁর ভাতিজা বর্তমানে বিদেশে চাকরি করেন। ভাতিজার বউ সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। বাড়ির বউ উত্ত্যক্তের শিকার হওয়ার ঘটনা শুনে তাঁরা গত সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে যান। কিন্তু ওই বখাটে লোকজন নিয়ে এসে এভাবে হামলা করবেন, তা তাঁরা ভাবতেও পারেননি।
আহত আবদুল জলিল বলেন, ‘উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে তোতার বাবা ও ভাইদের কাছে অভিযোগ করে বিচার চেয়েছিলাম। কিন্তু তাঁরা আমাদের কথায় কানও দেননি।’
স্থানীয় চারজন বলেন, সোমবার রাতে এই হামলার পর তাঁরা ওই নারীকে উত্ত্যক্তের বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার শৈলাপাড়া গ্রামে গেলে তোতা মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তোতার বড় ভাই ছবের আলী বলেন, তাঁর ছোট ভাই ওই নারীকে উত্ত্যক্ত করার ঘটনা তাঁদের জানানো হয়নি। হামলার ঘটনা তিনি জানেন না বলে জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এ ঘটনায় গত সোমবার রাতেই থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।