শেরপুরে নার্সারির চারা ঈশ্বরদীতে শিমগাছ কেটেছে দুর্বৃত্তরা
বগুড়ার শেরপুরের মহিপুর এলাকায় একটি নার্সারির ফলদ গাছের ২০ হাজার চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নার্সারির মালিক আবদুর রশিদ দাবি করেন, স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর নার্সারিতে এই ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে পাবনার ঈশ্বরদীতে এক চাষির দুই বিঘা জমির শিমগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে শেরপুরের নার্সারিটিতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ২০ হাজার চারার মধ্যে আমের ১০ হাজার, লিচুর সাত হাজার, পেয়ারার চারা ছিল তিন হাজার।
নার্সারির মালিক আবদুর রশিদ বলেন, তিনি স্থানীয় গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তিনি। মঙ্গলবার রাত ১১টার দিকে ২০-২৫ জন লোক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। পরদিন বুধবার সকালে নার্সারিতে এসে দেখেন, প্রায় নয় লাখ টাকার গাছের চারা ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে।
আবদুর রশিদ অভিযোগ করেন, এর সঙ্গে জামায়াত-শিবিরের লোকজন জড়িত। উপজেলা জামায়াতের সেক্রেটারি দাবিবুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে তাঁর দলের কেউ জড়িত নেই।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ক্ষতিগ্রস্ত নার্সারির মালিক বুধবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড় এলাকায় শিমগাছ কেটে ফেলার ঘটনা ঘটে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কৃষক আসাদুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, কয়েকজনকে নিয়ে কেটে ফেলা জমির শিমগাছ মাঠ থেকে সরাচ্ছেন। গাছ থেকে কিছু শিমও তুলছেন। আসাদুজ্জামান জানান, তাঁর জমির পাশের বাড়ির কৃষক রঞ্জু বুধবার গভীর রাতে প্রথমে তাঁকে মুঠোফোনে জানান, কে বা কারা তাঁর শিমখেতের গাছ কেটে দিয়েছে। রাতেই তিনি জমিতে গিয়ে দেখেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জমির সব শিমগাছ কেটে ফেলেছে। এতে তাঁর দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।