শেরপুরে নালার পাইপ দেবে যাচ্ছে
বগুড়ার শেরপুর উপজেলার ধুনট রোডে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মিত ড্রেনের ঢালাই রিং পাইপ ভেঙে যাচ্ছে। মাটি সরে ভেঙে যাওয়া পাইপগুলো স্থানচ্যুত হয়ে আবার মাটির নিচে দেবে যাচ্ছে।শেরপুরে সওজের শাখা কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ২০০৬ সালে ৩৫ লাখ টাকা ব্যয়ে ঢালাই রিং পাইপ ড্রেন নির্মাণ করা হয়। তিন ফুট ব্যাসের রিং পাইপ ১৫ ফুট মাটির গভীরে ৩৯৩ মিটার সড়কটির উত্তর পাশে বসানো হয়। শহরের ধুনট রোড, হামছায়াপুর ও বাসস্ট্যান্ড এলাকার জলাবদ্ধতা দূর করা এবং ওসব এলাকার হোটেল ও বাসাবাড়ির পানি নিষ্কাশন করতে এই ড্রেন তৈরি করা হয়।সরেজমিনে দেখা গেছে, ধুনট রোডে করতোয়া নদীর ওপর নির্মিত সেতু এলাকায় পাইপের নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণে এগুলো মাটির নিচে দেবে যাচ্ছে। ইতিমধ্যে ১১টি পাইপ নদীতে পড়ে তলিয়ে গেছে।স্থানীয় বাসিন্দা হানিফ সরকার জানান, ড্রেন নির্মাণের তিন মাস পর থেকে ধুনট রোডের সেতু এলাকায় ঢালাই রিং পাইপের নিচ থেকে মাটি সরে যেতে থাকে। এতে ড্রেনের পাইপ স্থানচ্যুত হয়ে যায় এবং নিষ্কাশিত পানি মাটিতে গিয়ে পড়ে। এ কারণে পানি পড়ার স্থান থেকে মাটি ভেঙে নদীতে পড়ছে। গত পাঁচ বছরে স্থানীয় লোকজন এ অংশ সংস্কারের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন, কিন্তু অদ্যাবধি সংস্কার হয়নি। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জানান, নির্মাণকাজে কারিগরি ত্রুটির কারণে ড্রেনের রিং পাইপগুলো মাটির নিচে দেবে ও স্থানচ্যুত হয়ে গেছে। আগামী বর্ষার আগেই ড্রেন সংস্কার করা না হলে ওই এলাকায় ভাঙন দেখা দেবে এবং শেরপুর-সিরাজগঞ্জ বাইপাস সড়ক ক্ষতিগ্রস্ত হবে। সওজ বিভাগের বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী মো. হামিদুল হক বলেন, ড্রেনের ভাঙা অংশ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এর জন্য যথেষ্ট পরিমাণ টাকা বরাদ্দ না পাওয়ায় এর সংস্কারকাজ দ্রুত করা সম্ভব হয়ে উঠছে না।