শেরপুরে নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া
বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী আবু তালেব আকন্দের নির্বাচনী পোস্টার ছোঁড়ার ঘটনা ঘটে। এটাকে কেন্দ্র করে আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ প্রার্থী আবু তালেব আকন্দের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শেরুয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর বাড়ি ও নির্বাচনী প্রচার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
আবুল কালাম আজাদ বলেন, তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা গতকাল সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাঁর লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। এমনকি বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিচ্ছেন। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ সকালে নৌকা প্রতীকের লোকজন তাঁর শেরুয়া এলাকার বাড়িতে ও তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।
এ বিষয়ে আবু তালেব আকন্দ বলেন, গতকাল রাত ১০টার দিকে শেরুয়া এলাকায় আবুল কালাম আজাদের লোকজন তাঁর নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় তাঁর সমর্থকেরা প্রতিবাদ করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনায় ঘটনাস্থলে পুলিশ পঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত আছে। আবুল কালাম আজাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। তবে তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।