
বগুড়ার শেরপুরে মহাসড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ঢুকিয়ে দিলেন একটি ব্যাংকের এটিএম বুথে। এ ঘটনায় কেউ প্রাণ না হারালেও আহত হয়েছেন ১৫ যাত্রী। এদিকে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও তিনটি জেলায় বেপরোয়া যানবাহনের কারণে নিহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে তিনজনই স্কুলশিক্ষার্থী।
এ নিয়ে গত ৮৪ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭২৭ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শেরপুর পৌর শহরের টাউন কলোনি আহলে হাদিস মসজিদের সামনে ঢাকা-উত্তরবঙ্গগামী মহাসড়কে শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে ঢুকে পড়ে। এতে আহত ১৫ যাত্রীর মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে গতকাল সকালে বেলকুচি উপজেলার সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের কড়িতলা মোড়ে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রলির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এরা হলো উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৬) ও মো. ফারুক হোসেনের মেয়ে তিথি খাতুন (৫)। দুজন মুকুন্দগাতী বাজারের শাহীন কিন্ডারগার্টেনে পড়ত। ক্লাস শেষে তারা অটোভ্যানে বাড়ি ফিরছিল। ট্রলির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় তারা ছিটকে রাস্তার ওপর পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়। জাহিদ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত তিথিকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে-ও মারা যায়। যশোরের অভয়নগর উপজেলায় বাসের ধাক্কায় রাসেল আহমেদ (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল ভোরে নওয়াপাড়া পাঁচ কবর এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী সড়কের ফরাজী বাড়ি এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম (৬৫) ও মো. তৌফিক (৬০) নামের দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হন দুই নারীসহ তিনজন। তুষখালী লঞ্চঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র মঠবাড়িয়া যাওয়ার পথে তুষখালী গ্রামের ফরাজী বাড়ির সামনে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। সালাম, তৌফিকসহ আহত অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। পরে তৌফিককে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।