শেরপুরে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
শেরপুর জেলা শহরের শীতলপুর এলাকায় জয় কুমার দাস (৭০) নামের এক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শীতলপুরে মেসার্স চৌহান রাইস মিলের বয়লার-সংলগ্ন স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। জয় কুমারের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তাঁর বড় ছেলে শ্যামল কুমার দাসকে (৩৫) আটক করেছে। পুলিশ ও চালকল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয় কুমার ও তাঁর বড় ছেলে শ্যামল তিন-চার বছর ধরে চৌহান রাইস মিলে নৈশপ্রহরীর কাজ করছিলেন। গত বুধবার রাতে পালা করে পাহারা দেন বাবা-ছেলে। গতকাল ভোরের দিকে শ্যামল মিল-সংলগ্ন এলাকার বাসিন্দা আইনজীবী নন্দকুমার চৌহানকে ডেকে বলেন, তাঁর বাবাকে কে বা কারা হত্যা করেছে। নন্দকুমার ঘটনাটি চালকল পরিচালনাকারী মনোজিৎ সাহাকে জানান। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয় কুমারের লাশ উদ্ধার ও শ্যামলকে আটক করে। দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে জয় কুমারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চৌহান রাইস মিলের পরিচালনাকারী মনোজিৎ সাহা বলেন, টাকাপয়সা নিয়ে প্রায়ই জয় কুমার ও তাঁর ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। বৃদ্ধ জয় কুমার মুখ বুজে সব সহ্য করতেন।শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মহিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা তিনটার দিকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য শ্যামলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাপয়সার দ্বন্দ্বের জের ধরে শ্যামল তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন।