শেরপুরে পত্রিকার গাড়িসহ অর্ধশত ট্রাকে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও পত্রিকা বহনকারী গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও এসব গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা থামছে না।
এরই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফার অবরোধ চলাকালে গত সোমবার গভীর রাতে বগুড়ার শেরপুরে আবারও পত্রিকার গাড়িতে হামলা হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে অর্ধশত পণ্যবাহী ট্রাক।
প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার গাড়িদহ ও মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রথম আলো পত্রিকাবাহী গাড়িসহ ওই সব পণ্যবাহী ট্রাকে হামলা চালান অবরোধ-সমর্থকেরা।
অবরোধ-সমর্থকদের ছোড়া ঢিলে পত্রিকাবাহী গাড়িটির সামনের কাচ ফেটে যায়। একই রকম অবস্থা পণ্যবাহী ট্রাকগুলোরও।
হামলার শিকার হওয়া একাধিক গাড়ির চালকেরা জানান, ওই দিন রাত সোয়া একটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ঢাকা অভিমুখী তাঁদের পণ্যবাহী শতাধিক ট্রাকের এক বহরকে পাহারা দিয়ে শেরপুর নিয়ে আসে।
এরপর স্থানীয় দশমাইল এলাকা থেকে পুলিশের একটি গাড়ির পাহারায় বহরটি সামনে এগোতে থাকে। পুলিশের নিয়ন্ত্রণ নেওয়ার পাঁচ মিনিট পরই গাড়িদহ এলাকায় মহাসড়কের পাশের একটি করাতকলের সামনে থেকে প্রথম দফা এবং মহিপুর এলাকায় দ্বিতীয় দফা হামলার মুখে পড়ে। হামলাকারীদের ইটপাটকেলে অর্ধশত ট্রাকের কাচ ভেঙে যায়।
বহরের মধ্যে থাকা বগুড়ার ছাপাখানা থেকে ছেড়ে আসা প্রথম আলো পত্রিকাবাহী গাড়ির চালক জিল্লুর রহমান বলেন, ‘ওই দুই স্থানে ৩০-৪০ জন যুবক এ হামলা চালায়। এদের কারও কারও হাতে লাঠিসোঁটা দেখা গেছে। টানা অবরোধের মধ্যে প্রায়ই রাতের বেলা ওই স্থানগুলোতে গাড়িতে ঢিল ছোড়া হচ্ছে। হামলা থেকে পত্রিকার গাড়িও রক্ষা পাচ্ছে না।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, তাঁরা গাড়ির বহর পারাপারে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।
ওসি বলেন, গাড়িতে হামলার ঘটনায় কয়েক দিন আগে দশমাইল এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। হামলা প্রতিরোধে তাঁরা নতুন কৌশল গ্রহণ করছেন।