শেরপুরে পল্লী বিদ্যুৎ ভবনে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের কারণে আর্জেন্টিনা-নাইজেরিয়া ফুটবল খেলা দেখতে না পেরে গত শনিবার রাতে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ভবনে ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল রোববার শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ শিক্ষার্থীকে আটক করে।শিক্ষার্থী আটকের প্রতিবাদে ও তাঁদের শিগগির ছেড়ে দেওয়ার দাবিতে গতকাল পলিটেকনিক শিক্ষার্থীরা পবিসের কার্যালয়ও আবাসিক ভবনের দরজা-জানালায় ইটপাটকেল ছোড়েন। সেই সঙ্গে তাঁদের মধ্য পর্বের (মিড টার্ম) পরীক্ষা বর্জন করেন। পবিসের কর্মচারীদের পাল্টা ইটপাটকেলের আঘাতে মিন্টু নামের শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র‌্যাব-১২-এর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইকবাল শফী পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে অধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ইনস্টিটিউটের অধ্যক্ষ ১৭ জুন বৃহস্পতিবার পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। শনিবার রাতে পবিস ভবনে হামলার ঘটনায় তাঁর ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন।শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইকবাল শফী প্রথম আলোকে জানান, কাল (সোমবার) জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের এক বৈঠকে এ ঘটনায় করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।