শেরপুরে পাট জাগ দিতে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ পাটের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে পানি না থাকায় উৎপাদিত পাটগাছ পচানো (জাগ) নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন। সময়মতো পাট জাত দিতে না পারায় উৎপাদিত পাটের আঁশের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন কৃষকেরা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুরে প্রায় চার হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু জেলার পাঁচটি উপজেলায় সাত হাজার ৪০৯ হেক্টর জমিতে কৃষকেরা পাট চাষ করেন। গত বছর পাটের দাম ভালো থাকায় কৃষকেরা উৎসাহিত হয়ে এবার দ্বিগুণ পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। পাটের ফলনও হয়েছে আশাতীত। কিন্তু পাটগাছ কাটার পর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পানির অভাবে কৃষকেরা পাট পচাতে পারছেন না। অনেক কৃষকের পাটগাছ খেতেই নষ্ট হচ্ছে।গত শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পানির অভাবে সময়মতো পাট কাটা ও জাগ দিতে না পারায় অধিকাংশ কৃষকই পাট নিয়ে হতাশ হয়ে পড়েছেন। দু- একজন সচ্ছল কৃষক অগভীর নলকূপ চালু করে পানি উঠিয়ে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন। এ সময় টাঙ্গারিয়াপাড়া গ্রামের কৃষক নাজির হোসেন বলেন, গতবার দাম ভালো পাওয়ায় এবার তিনি তিন একর জমিতে পাটের চাষ করেছেন। কিন্তু এক একর জমির পাট গাছ কাটলেও পর্যাপ্ত পানির অভাবে তা পচাতে পারছেন না। অবশিষ্ট পাটগাছ খেতেই রয়ে গেছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আশপাশের খালবিলগুলো পানিশূন্য হয়ে গেছে। এর ফলে পাট জাগ দেওয়া সম্ভব হচ্ছে না। টাঙ্গারিয়াপাড়া গ্রামের কৃষক মোকছেদ আলী, ময়ফল ও তাঁর ছেলে নুরুল ইসলাম বলেন, তাঁরা আট একর জমিতে পাট চাষ করেছেন। কিন্তু পানি না থাকায় পাট পচাতে পারছেন না। এতে উৎপাদিত পাট নিয়ে তাঁরা দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশ হয়ে পড়েছেন।অপর দিকে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চরজঙ্গলদী গ্রামের মো. হাবিবুল্লাহ জানান, বৃষ্টির অভাবে খালবিলে পানি না থাকায় তাঁদের এলাকায় উৎপাদিত পাটগাছ প্রায় পাঁচ কিলোমিটার দূরবর্তী ব্রহ্মপুত্র নদে নিয়ে পচাতে হচ্ছে। এতে একদিকে যেমন পরিবহন খরচ লাগছে, তেমনি উৎপাদিত পাটের নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বানেজ আলী মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, উৎপাদিত পাট জাগ দিতে ‘রিবন পদ্ধতি’ অনুসরণ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।