শেরপুরে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বায়েজিদ হাসানের ওপর হামলা ও মামলার ঘটনায় গতকাল শুক্রবার পাল্টাপাল্টি প্রতিবাদ সভা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শহরের গৃদানারায়ণপুর মোড়ে বায়েজিদের পক্ষে নাগরিক ঐক্য কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক মো. মোক্তারুজ্জামান। সভায় বায়েজিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, শেরপুরের জনগণ এখন পৌর মেয়রের বাড়ি মীরগঞ্জের কয়েকজন সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে। বায়েজিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ শেরপুরকে সন্ত্রাসমুক্ত করতে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে বায়েজিদের দায়ের করা মামলার প্রতিবাদে শহরের নিউমার্কেট মোড়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। সভায় বক্তারা সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করে এটি প্রত্যাহারের দাবি জানান।
গত বুধবার রাতে শহরের কসবা এলাকায় বায়েজিদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।