শেরপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পুকুরে ডুবে নাহিদ হাছান (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের রাজবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিদ সদর উপজেলার বয়ড়া পরাণপুর গ্রামের আবদুল হালিমের একমাত্র ছেলে। সে স্থানীয় নবারুণ পাবলিক স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ত।
নাহিদের পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নাহিদের বাবার বাড়ি বয়রা পরাণপুর গ্রামে হলেও সে শহরের রাজবল্লভপুর এলাকায় নানার বাড়িতে থেকে নবারুণ পাবলিক স্কুলে পড়ত। আজ দুপুরে নানার বাড়ির সামনের পুকুর পাড়ে খেলার সময় আকস্মিকভাবে সে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সে ডুবে যায়। পরে এলাকাবাসী পুকুরে ভেসে ওঠা তার লাশ উদ্ধার করে।
এ ঘটনার সময় নাহিদের বাবা-মা দুজনই ঢাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে আজ দুপুরেই তাঁরা শেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নাহিদ হাছান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।