শেরপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলায় আদালতে ‘মিথ্যা’ প্রতিবেদন দাখিলের অভিযোগ এনে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সোমবার শেরপুরে বিক্ষোভ মিছিল করেছেন একটি গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন। সঞ্চারকলিপি ও মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ১৫ ডিসেম্বর সদর উপজেলার একটি গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন একই গ্রামের আজাহার আলী (২৫)। এরপর সালিস বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ চেষ্টা ব্যর্থ হওয়ায় চলতি বছরের ২৭ জুন ওই কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। ১৪ জুলাই আদালত মামলার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওই থানার পরিদর্শক (তদন্ত) ১৬ জুলাই ধর্ষণের ঘটনাটি সাজানো বলে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি মিথ্যা দাবি করে গতকাল ওই কিশোরীর গ্রামের বাসিন্দারা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ওই পুলিশ কর্মকর্তার বিচার দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) কাছে সঞ্চারকলিপি দেন। গ্রামবাসীর দাবি, ওই পুলিশ কর্মকর্তা বিবাদীপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। অভিযোগ অস্বীকার করে পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।